খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনে ‘এডভান্সড প্রিন্টমেকিং ল্যাব’ ও ‘ইনটাগ্লিও প্রিন্টমেকিং ল্যাব’ নামে দুইটি আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ল্যাব দুটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধন শেষে উপাচার্য ল্যাব দুটি পরিদর্শন করেন এবং স্থাপিত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। সভাপতিত্ব করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ।
এ সময় ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলাম, ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মন্ডলসহ চারুকলা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নতুন ল্যাব দুটিতে সংযোজিত হয়েছে-আধুনিক কম্পিউটার, লিথোগ্রাফি প্রেস, ইনটাগ্লিও প্রেস, অটোমেটেড ইনটাগ্লিও প্রেস, লিনোকাট মেশিন, লিনোকাট প্রেস মেশিন, গ্রেইনার মেশিন, ফিউম হুড, লার্জ ফরম্যাট ইকো-সলভেন্ট প্লটার, প্লটার প্রিন্টার এবং লেজার কাটিং ও এনগ্রেভিং মেশিনসহ নানা ধরনের অত্যাধুনিক সরঞ্জাম।
ডিসিপ্লিন সূত্রে জানা যায়, এ ল্যাব দুটি আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ, যা শিক্ষার্থীদের প্রিন্টমেকিং বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন ও সৃজনশীল উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।