ক্রীড়া প্রতিবেদক: টিসিএল জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নিলো যশোর জেলা দল। বুধবার ঢাকার এম মনসুর আলী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পঞ্চগড় জেলা দলের কাছে ৩৭-১৮ গোলের ব্যবধানে হেরে যায় যশোর। এর আগে গ্রুপ পর্বের টানা ৩ জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিলো যশোর জেলা দল। মঙ্গলবার গ্রুপ চ্যাম্পিয়ন/রানার্স আপ হওয়ার লড়াইয়ে ঢাকা জেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যশোর। ঢাকার কাছে ৩৪-২৩ গোলের ব্যবধানে হেরে যায় যশোর। এতে গ্রুপ রানার্স আপ হয় যশোর জেলা দল। এতে সেমিফাইনালে যশোর পায় পঞ্চগড় জেলা দলকে। পঞ্চড়গ জেলা দলের কাছে পরাজিত হয়ে এবারের আসর থেকে বিদায় নিতে হলো যশোরকে। গত ১২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৯ টা ও বেলা সাড়ে ১২ টায় যশোরের ২ টি ম্যাচ ছিলো। সকালের খেলায় যশোর জেলা দল ৩৭-২১ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো ফরিদপুর জেলা দলকে। দ্বিতীয় খেলায় যশোর জেলা দল ৩৬-১৩ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো নড়াইল জেলা দলকে। গত ১১ জানুয়ারির নিজেদের প্রথম খেলায় যশোর জেলা দল ৩৭-২৮ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো জামালপুর জেলা দলেকে।