নিজস্ব প্রতিবেদক : যশোরের মাদ্রাসা ও এতিমখানা থেকে টাকা হাতিয়ে নেয়ার জন্য দাপিয়ে বেড়াচ্ছে এক প্রতারক। সে প্রমোট মাদ্রাসা উন্নয়ন-২য় প্রকল্পে মাদ্রাসার ভবন নির্মাণে অর্থ বরাদ্দ দেয়ার কথা বলে টাকা চাচ্ছে। এজন্য প্রমোট মাদ্রাসা উন্নয়ন-২য় প্রকল্পের যুগ্ম সচিব এম ফয়সাল আমিন চৌধুরী নামে সাক্ষরিত চিঠি ডাকযোগে কয়েকটি মাদ্রাসায় পাঠানো হয়েছে।
এধরণের একটি চিঠি পাঠানো হয়েছে যশোরের ঝিকরগাছার মিশ্রী দেয়াড়া শেখপাড়া হাফেজিয়া মাদ্রাসায়। চিঠিতে লেখা ছিল বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং ইউরোপিয়ান কমিশনের যৌথ উদ্যোগে প্রচলিত প্রমোট প্রকল্পে মাদ্রাসা উন্নয়ন-২য় প্রকল্পে মাদ্রাসা উন্নয়নের জন্য এককালীন কিছু আর্থিক সাহায্য করতে ইচ্ছুক। আপনার মাদ্রাসা উন্নয়নে সর্বদা প্রস্তুত। চিঠি পাওয়া মোবাইল নম্বরে কল দিতে বলা হয়েছে।
মাদ্রাসার সভাপতি আমানুল্লাহ বিশ্বাস জানান, তার মাদ্রাসায় এ ধরণের চিঠি দেয়া হয়েছে। চিঠির নম্বরে থাকা ফোন কল দিলে বলা হয় আপনার মাদ্রাসার উন্নয়নে ১০ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হবে। অর্থ সচিবের মোবাইলে টাকা পাঠান।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমিন চৌধুরী এম ফয়সাল নামে কোন যুগ্ম সচিব নেই। একটি প্রতারকচক্র চিঠি দিয়ে মাদ্রাসা ও এতিম খানা থেকে টাকা নেয়ার জন্য এ পথ অবলম্বন করছে। আমার ঝিকরগাছা উপজেলার দুটি মাদ্রাসায় এ ধরনের চিঠি দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মাদ্রাসা-এতিম খানায়ও চিঠি দেয়া হয়েছে। এ বিষয়টি প্রশাসনে আমার বন্ধুদের জানানো হয়েছে।