নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টার সময় শহরের ১নম্বর উকিল বারের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার জোর দাবি জানান। সিপিবি যশোর জেলার অন্যতম নেতা মহিবুল্লাহ মহিবের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ যশোর জেলার সদস্য সচিব হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান, সিপিবি যশোর জেলার অন্যতম নেতা আব্দুর রহিম প্রমুখ।