নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হয়েছেন এক নারী। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালের ১২২ নম্বর কক্ষের সামনে তার ব্যাগ থেকে ৩ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। তিনি ৫ বছর বয়সী মেয়ের কাছে ব্যাগ রেখে পাশের গণশৌচাগারে গিয়েছিলেন। ভুক্তভোগী রুমা বেগম (২৭) যশোর শহরের হাইকোর্ট মোড় এলাকার মিয়া বাড়ির কাজী সুমনের স্ত্রী। রুমা বেগম জানান, চিকিৎসক দেখানোর জন্য হাসপাতালে এসেছিলেন তিনি। কক্ষের সামনে অপেক্ষারত অবস্থায় প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের শৌচাগারে যান। যাওয়ার আগে মেয়ে সুমির কাছে একটি শপিং ব্যাগ রেখে যান। ব্যাগের মধ্যে ছিল ৩ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। শৌচাগার থেকে ফিরে এসে দেখেন, ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোন দুটি চুরি হয়ে গেছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য রুবেল হোসেন জানান, অজ্ঞাতনামা চোরেরা ওই রোগীর মালামাল নিয়ে পালিয়ে গেছে। চোরচক্রের তৎপরতা রুখতে নজরদারি বাড়ানো হয়েছে।