শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা লোকমান হোসেন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন বন্দর শ্রমিকরা। শ্রমিক নেতারা জানান, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া এলাকায় তবিবুর রহমানের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার গুঞ্জনের প্রতিবাদে সোমবার রাতে বেনাপোলে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে তবিবুর রহমান ও লোকমান হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা ছোট আঁচড়ায় তবিবুর রহমানের বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে দুজন আহত হন। আহত তবিবুর রহমান জানান, তারা কয়েকজন মিলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছানোর পর তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (নাভারণ) ভর্তি করেন। বোমার আঘাতে দুজনের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত ও পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে। এদিকে দুই শ্রমিক নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর উদ্যোগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলীর নেতৃত্বে মিছিলটি বন্দর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন শ্রমিকরা। ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন, তারা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর মিছিল শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেনাপোল পৌর বিএনপি। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এক বিবৃতিতে বলেন, শান্ত বেনাপোলকে অশান্ত করতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে আহত দুই নেতার সুস্থতা কামনা করেন। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল আকতার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পরে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫-এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, সদস্য জামির হোসেন, ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার হাসেম আলীসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। কারা, কী উদ্দেশ্যে এ বোমা হামলা চালিয়েছে, তা তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিকরা।