আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি কর্তৃক অনুমোদিত কৃষক-কৃষাণীদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল সোবহান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ২০০ জন সরিষাচাষিকে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১০ জন মুগডালচাষিকে ৫ কেজি করে মুগের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৫০ জন সূর্যমুখীচাষিকে ৮০০ গ্রাম করে সূর্যমুখীর বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম ও ১ কেজি করে বোরন সার বিতরণ করা হয়। বিনামূল্যে এসব বীজ ও সার পেয়ে কৃষকরা আসন্ন রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে আশাবাদ ব্যক্ত করেন।