Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে স্কুলশিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০২:০৬:০৩ এম
যশোরে স্কুলশিক্ষার্থীসহ  দুইজনের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : যশোরে আলাদা ঘটনায় এক স্কুলশিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরের খড়কী সার্কিট হাউজপাড়া এবং শনিবার শংকরপুরের বাবলাতলা এলাকায় এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন সার্কিট হাউজপাড়ার শামীম হাসানের ছেলে মাশরুর হাসান (১৫) ও শংকরপুরের বিপ্লব হোসেনের স্ত্রী আভা আক্তার (২০)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পুরোনো ল্যাপটপ মেরামতের জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল মাশরুর। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে শুক্রবার রাত ৮টার দিকে সে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মাশরুর বাদশা ফয়সাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। অন্যদিকে, শনিবার সকালে শংকরপুর এলাকার পশু হাসপাতালের পাশে বাবলাতলায় আভা আক্তার (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামী বিপ্লব জানান, সকালে খাবার খেয়ে তিনি কর্মস্থলে চলে যান। পরে সকাল ১০টার দিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন। তবে কী কারণে আভা আত্মহত্যা করেছেন, তা তিনি জানাতে পারেননি। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মাশরুর হাসান ও আভা আক্তারের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)