মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: অভাব-অনটন ও স্বামীর অবহেলার অভিযোগে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী শিশুছেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ’র বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়। এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালি গ্রামে শিশু পুত্র বিক্রয়ের ঘটনা ঘটে। অভিযুক্ত শিশু ছেলের মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে বসে হাসান চৌধুরীর নামে এক যুবকের সাথে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আলামিন নামের এক ছেলে সন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস। অনিকা আক্তার বলেন, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজ খবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। আমি রোগাক্রান্ত হয়ে পড়ায় একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশু সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন। প্রাপ্ত তথ্যমতে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার ন্যবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম ক্রয় করেছিলেন। অনিকা আক্তারের পিতা পলাশ শেখ জানান, আমার বয়স হয়ে গিয়েছে আমি বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতে পারি না তার উপর মেয়ে ও মেয়ের ছেলে ভরন পোষণ কিভাবে জোগাড় করব। শিশু ছেলে আল আমিনের মা অনিকা আক্তার বলেন, আমি জটিল রোগে আক্রান্ত। অভাব অনটনের মধ্যে আমি ছেলেকে কি খাওয়াবো। আমি ছেলেকে রাখতে চাচ্ছি না। ও যেখানে ভালো থাকবে আমি তার কাছে ছেলেকে দিয়ে দেব। এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে বিক্রয় করার কোন সুযোগ নাই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগত ভাবে শিশুটিকে যারা নিতে চায় তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।