ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহতের ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে। এরা হলেন-নিহত আফসারের স্ত্রী আনোয়ারা বেগম (৪৬), ছেলে মাদকাসক্ত খায়রুল শেখ (২৪) ও তার স্ত্রী জুঁই বেগম (১৮)। এ মামলায় আনোয়ারা ও জুঁইকে গ্রেফতার করে সোমবার (৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিহত আফসার শেখের বড় ছেলে শামীম শেখ বাদী হয়ে গত শনিবার মা, ছোট ভাই ও স্ত্রীকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি খায়রুল শেখ তার বাবাকে হত্যার পর থেকেই পলাতক আছে। পরিবার ও প্রতিবেশিরা জানান, বেকার ছেলে খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে বাকবিতন্ডা করত। টাকা না পেয়ে মাঝে-মধ্যে বাড়ির বিভিন্ন ধরণের জিনিসপত্র ভাঙচুরও করত। এরই জের ধরে গত ৫ নভেম্বর দুপুরে নিজেদের বাড়িতে ধারালো বটি দিয়ে খায়রুল তার বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে হত্যা করে। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা কোনো বাধা দেননি বলে অভিযোগ রয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহত আফসার শেখের ছেলে শামীম বাদী হয়ে তার মা আনোয়ারা বেগম, ভাই খায়রুল শেখ ও খায়রুলের স্ত্রী জুঁই বেগমের নামে মামলা দায়ের করেছেন। এ মামলায় আনোয়ারা ও জুঁইকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় আনোয়ারা ও জুঁইয়ের সম্পৃক্ততার অভিযোগ এজাহারে উল্লেখ করা হয়েছে। পলাতক খায়রুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।