নিজস্ব প্রতিবেদক : যশোর শহরে রিকশার গতিরোধ করে কাচ্চি ভাই হোটেলের এক বাবুর্চিকে ছুরিকাঘাতে আহত করেছে দুই ছিনতাইকারী। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের নিউমার্কেট এলাকার অদূরে এ ঘটনা ঘটে। আহত শরিফুল ইসলাম (৩৫) শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার উত্তর সুতোলকাঠি গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি যশোর শহরের কাচ্চি ভাই হোটেলে বাবুর্চির কাজ করেন। শরিফুল জানান, তিনি ঢাকা থেকে পরিবহনে যশোরে এসে উপশহর নিউমার্কেট এলাকায় নামেন। সেখান থেকে রিকশায় গন্তব্যে যাওয়ার পথে নিউমার্কেটের অদূরে পৌঁছালে দুই অজ্ঞাত ব্যক্তি তার রিকশার গতিরোধ করে। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তিনি নিজেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত শরিফুলের অবস্থা গুরুতর হলেও তিনি আশঙ্কামুক্ত। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ঘটনার পর রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।