নিজস্ব প্রতিবেদক : শীতের স্নিগ্ধ বিকেল। চারপাশে সবুজের সমারোহ, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য আর বর্ণিল আলোকসজ্জায় সাজানো মনোরম আয়োজনস্থল। আলো-আঁধারির নান্দনিক মেলবন্ধন, আতশবাজির ঝলকানি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এমনই এক ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন পরিবেশে যশোরে মঙ্গলবার অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত সানরা ইলেকট্রিক বাইকের জমকালো গ্র্যান্ড ওপেনিং। যশোর সদর উপজেলার কচুয়া রায়মানিক গ্রামের রিপন অটোস ফার্ম হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রকৃতির সৌন্দর্য যেন এক সুতোয় গাঁথা হয়ে ওঠে। ‘জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব, স্মার্ট গতিশীলতা—এক উজ্জ্বল ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন উদ্যমে যাত্রা শুরু করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইলেকট্রিক বাইক ব্র্যান্ড। বাংলাদেশে সানরার একমাত্র অনুমোদিত পরিবেশক রিপন অটোস (প্রা.) লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী, ডিলার, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর টায়ার মালিক সমিতির সভাপতি কাওছার আহমদ, মটর পার্টস ব্যবসায়ী সমিতিরি সভাপতি শাহিনুর রহমান ঠান্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। রিপন অটোস চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপুসহ অতিথিরা সানরার নয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড ওপেনিং করেন। স্বাগত বক্তব্য দেন রিপন অটোস ও সানরার পরিচালক মো. আইয়াজ উদ্দিন রিপন ও চীনের জিয়াংসু শিনরি ই-ভেহিকল কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ফ্রাঙ্ক ফ্যাং। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রচলিত জ্বালানিনির্ভর যানবাহনের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তিনির্ভর পরিবহন খাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। যশোরে আন্তর্জাতিক ব্র্যান্ডের এমন উদ্যোগ স্থানীয় ব্যবসায়িক সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সানরার ডিলার, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকরাও অনুষ্ঠানে অংশ নেন। গ্র্যান্ড ওপেনিংকে ঘিরে পুরো ফার্ম হাউস সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন সাজে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বর্ণিল আলোকসজ্জায় বদলে যায় আয়োজনস্থলের রূপ। সবুজ প্রকৃতির বুকজুড়ে ছড়িয়ে পড়ে রঙিন আলোর ঝলকানি। অতিথিদের উপস্থিতি, নতুন মডেলের বাইক ঘিরে আগ্রহ এবং আনন্দঘন পরিবেশে তৈরি হয় উৎসবমুখর আবহ। উদ্বোধনী আয়োজনের বিশেষ মুহূর্তে আতশবাজির ঝলমলে আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও আনন্দঘন পরিবেশনায় অতিথিরা উপভোগ করেন এক ব্যতিক্রমী সন্ধ্যা।