Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ২৫০ শয্যার হাসপাতালে ৭৬২ রোগী : মেঝে-বারান্দায় ঠাঁই নেই, চাপে চিকিৎসক-নার্স

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:৩৩:২২ পিএম
যশোর ২৫০ শয্যার হাসপাতালে ৭৬২ রোগী : মেঝে-বারান্দায় ঠাঁই নেই, চাপে চিকিৎসক-নার্স

বিল্লাল হোসেন : ২৫০ শয্যার হাসপাতাল। অথচ মঙ্গলবার (১০ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭৬২ জন রোগী। অনুমোদিত শয্যার চেয়ে ৫১২ জন বেশি। শয্যা সংকটে গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের। অনেক ওয়ার্ডে একটি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন তিন থেকে চারজন, কোথাও কোথাও তারও বেশি। সবচেয়ে বেশি চাপ পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে। সংক্রামক ওয়ার্ডেও পাঁচটি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ৪২ জন। এ চিত্র যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের। মঙ্গলবারের ওয়ার্ডভিত্তিক হিসাব অনুযায়ী, অনুমোদিত ২৫০টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ছিলেন ৭৬২ জন। অর্থাৎ শয্যাসংখ্যার তুলনায় রোগী ৫১২ জন বেশি। প্রতি একটি শয্যার বিপরীতে গড়ে তিনজনের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের ওয়ার্ডভিত্তিক তথ্যে দেখা গেছে, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ২৬টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ১৩১ জন। মহিলা মেডিসিন-৮ ওয়ার্ডে আটটি শয্যার বিপরীতে ১১১ জন এবং মহিলা মেডিসিন-৯ ওয়ার্ডে সাতটি শয্যার বিপরীতে ৮২ জন রোগী রয়েছেন। অর্থাৎ শুধু এই তিন ওয়ার্ডেই অনুমোদিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। শিশু ওয়ার্ডেও একই চিত্র। ২৪টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ১০১ জন শিশু। পুরুষ সার্জারি ওয়ার্ডে ১০টি শয্যার বিপরীতে ৪৯ জন এবং মহিলা সার্জারি ওয়ার্ডে ৩৮টি শয্যার বিপরীতে ৭৮ জন রোগী রয়েছেন। পুরুষ সার্জারি (মডেল) ওয়ার্ডে ৩৮টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ৩৩ জন। এ ছাড়া লেবার ওয়ার্ডে ১৫টি শয্যার বিপরীতে ৩৬ জন, গাইনি ওয়ার্ডে ১২টির বিপরীতে ৩২ জন, সংক্রামক ওয়ার্ডে পাঁচটির বিপরীতে ৪২ জন এবং ইএনটি ও চক্ষু ওয়ার্ডে আটটি শয্যার বিপরীতে ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। পুরুষ পেইং ওয়ার্ডে ২৬টি শয্যার বিপরীতে ২৬ জন এবং মহিলা পেইং ওয়ার্ডে ২৮টি শয্যার বিপরীতে ২৫ জন রোগী ছিলেন। কেবিনে পাঁচটি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ছিলেন পাঁচজন। হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি রোগীর চাপ পুরুষ মেডিসিন ওয়ার্ডে। ২৬টি শয্যার বিপরীতে ১৩১ জন রোগী থাকায় সেখানে শয্যার তুলনায় রোগীর সংখ্যা পাঁচ গুণেরও বেশি। মহিলা মেডিসিন-৮ ও সংক্রামক ওয়ার্ডেও শয্যার তুলনায় রোগীর চাপ অত্যন্ত বেশি। এটি কোনো এক দিনের চিত্র নয়। দীর্ঘদিন ধরেই হাসপাতালটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকছেন। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। শয্যার সংকটের পাশাপাশি চিকিৎসাসেবার পরিবেশ ও রোগীদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। হাসপাতালের পুরোনো প্রশাসনিক তথ্য অনুযায়ী, চিকিৎসকের ৫৪টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ৪৯ জন। শূন্য ছিল পাঁচটি পদ। এর মধ্যে সিনিয়র কনসালটেন্টের তিনটি ও জুনিয়র কনসালটেন্টের দুটি পদ খালি ছিল। জনবলের এই সংকটের মধ্যে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের ওয়ার্ডগুলোতে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে। এতে চিকিৎসা নেওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়েও দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। এক রোগীর স্বজন পাখিতারা পারভিনা খাতুন বলেন, একদিকে নোংরা পরিবেশ, অন্যদিকে জায়গার সংকট। গাদাগাদি করে থাকতে হচ্ছে। রোগীর সঙ্গে এসে স্বজনরাও অসুস্থ হয়ে যাচ্ছেন। দেখে মনে হয়, এটা হাসপাতালের ওয়ার্ড নয়, যেন রাতের রেলস্টেশনের প্ল্যাটফর্ম। আরেক রোগীর স্বজন নাসরিন আক্তার বলেন, শয্যা ছাড়িয়ে মেঝেতে রোগী, বারান্দায় রোগী, সিঁড়ির পাশেও রোগী। হাঁটার জায়গাতেও রোগী থাকতে দেওয়া হয়েছে। বাধ্য হয়েই মানুষ এমন পরিবেশে চিকিৎসা নিচ্ছে। পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন মহিদুল ইসলাম বলেন, রোগীর চাপ অনেক বেশি। এর সঙ্গে প্রচণ্ড গরম। ওয়ার্ডের মধ্যে থাকলে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয়। সুস্থ হতে হাসপাতালে এসে এমন পরিবেশে থাকতে হলে রোগীর আরও অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর মেয়ে আনিকা বলেন, শ্বাসকষ্টের কারণে তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু অতিরিক্ত রোগীর চাপে কোনো শয্যা পাওয়া যায়নি। ওয়ার্ডের মেঝেতেও জায়গা না থাকায় শেষ পর্যন্ত বারান্দায় থাকতে হয়েছে। তার মায়ের মতো অনেক রোগীকেই শয্যা না পেয়ে মেঝে বা বারান্দায় থাকতে হচ্ছে। রোগীর অতিরিক্ত চাপ বিবেচনায় হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এর আগে হাসপাতালটি ৩০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা ছিল। তবে ৫০০ শয্যায় উন্নীত করা যায় কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে। গত ৮ আগস্ট হাসপাতাল পরিদর্শনে এসে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ড. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, ২৫০ শয্যার এই হাসপাতালে রোগীর চাপ দ্বিগুণ লক্ষ্য করেছেন। এখানে শয্যা বাড়ানো প্রয়োজন। হাসপাতালটি ৩০০ শয্যা করার পরিকল্পনার পরিবর্তে ৫০০ শয্যা করা যায় কি না, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, আবহাওয়ার পরিবর্তনে যশোরে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। এতে শিশু ও সংক্রামক ওয়ার্ডে রোগীর চাপ আরও বেড়েছে। প্রতিদিন বহির্বিভাগে দেড় হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও সেবিকাদের কষ্ট হলেও জনবল সংকটের মধ্যেই চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, রোগীর চাপ বিবেচনায় হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বর্তমান জনবল ও অবকাঠামো দিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলেই চিকিৎসাসেবা দিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা গেলে জেলা হাসপাতালের ওপর চাপ অনেকটা কমবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)