প্রেসবিজ্ঞপ্তি : খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাব এবং বিকাল ৩ টায় আইএসএলএম বিভাগের ইনফরমেটিকা ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। পরে বিকেলে বির্তক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। তাঁরা শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান। অপরদিকে বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিভাগের শিক্ষক আহসান উল্লাহ, মোঃ নাজিম, অ্যাডজাঙ্ক ফ্যাকল্টি রুমানা ইয়াসমিন কুইন উপস্থিত ছিলেন। ‘শিক্ষাক্ষেত্রে ইলেকট্রনিক রিসোর্স এর চেয়ে প্রিন্টেড রিসোর্সের কার্যকারিতা বেশি’ বিষয়ের উপর আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে এবং বিপক্ষে যুক্ত উপস্থাপন ও যুক্তি খণ্ডন, বিভিন্ন সূত্র ও তথ্য উপস্থান, উপমা, উৎপেক্ষা ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিজয়ী দল হিসেবে বিষয়ের বিপক্ষ দল জয়লাভ করেন। সেরা বক্তা হন তাজকিয়া খাতুন।