মাগুরা প্রতিনিধি : মাগুরা পারনান্দুয়ালী গ্রামের কৃতি সন্তান ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক সাকের হোসেনকে নৃশংস হত্যার প্রতিবাদ ও সুবিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের গ্রামবাসী, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের জনতা। শনিবার সকাল সাড়ে ১০ টায় চৌরঙ্গী মোড় মাগুরা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন, কুতুবউদ্দিন, মাগুরা বাস মিনি মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও জেলা মহিলা দলের সভানেত্রী স্মৃতি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত বুধবার ভোরে মাগুরা বাস টার্মিনাল এলাকায় রয়েল কাউন্টারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাকের হোসেন। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো প্রকৃত আসামিকে ধরতে পারেনি। পুলিশ সন্দেহভাজন দু’জন আসামিকে গ্রেফতার করলেও মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। তাই প্রকৃত আসামিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তা না হলে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে মাগুরাকে অচল করে দেয়া হবে বলে তারা হুমকি দেন বক্তারা।