আশাশুনি প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০৬টি পূজামণ্ডপে সরকারি অনুদান হিসেবে ৬৩ টন ৬০০ কেজি চালের ডিও (ডেলিভারি অর্ডার) প্রদান করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে বরাদ্দের ডিও তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে তাঁর মাধ্যমে উপজেলার বিভিন্ন মন্দির ও শ্মশানের উন্নয়নে ৫২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির নুরুল আফছার মুর্তজা, পূজা উদ্?যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি বরাদ্দের চালের ডিও তুলে দেন। একই স্থানে ইউএনও শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অপর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দীন। এ সময় আগের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অতিথির পাশাপাশি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন দুটি পূজামণ্ডপের কমিটির সভাপতির হাতে চালের ডিও তুলে দেন।