ক্রীড়া প্রতিবেদক : আর এন রোড সমাজ কল্যাণ সংস্থা যশোর আয়োজিত কিডস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি ড্র হয়েছে। সোমবার আর এন রোড নতুন বাজার মাঠে অনুষ্ঠিত আর এন রোড ওরিয়রস বনাম আর এন রোড ডাইনামিকের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার ৮ মিনিটে আবেগের দেওয়া গোলে ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে আর এন রোড ওরিয়রস। এরপর খেলার ১৭ মিনিটে আবু হুরাইরার গোলে সমতায় ফেরে আর এন রোড ডাইনামিক। খেলার বাকি সময় কোন দল গোল করতে না পারায় খেলাটি অমীমাংসিত ভাবে পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয়। আট টি দল নিয়ে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর এন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, এ বি এম আক্তারুজ্জামান, আর এন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, জাতীয় ফুটবলার মিনহাজুল করিম স্বাধীন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অ্যাড. শহীদ আনোয়ার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আর এন রোড ক্রীড়া চক্রের সহ সভাপতি এজাজ উদ্দিন টিপু।