নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, শিক্ষক হলেন প্রকৃত মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষক তার পেশাদারিত্ব ও দায়িত্ববোধের জায়গা থেকে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে অগ্রণী ভ’মিকা পালন করেন। সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, শিক্ষকদের আত্মমর্যাদা বৃদ্ধিতে সরকারকেও এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মোবাইল আসক্তিসহ নানা খারাপ দিকগুলো থেকে দূরে রাখতে পড়ার টেবিলে আনতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গ্রাম আদালত কো-অর্ডিনেটর অনুপম ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকারি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল আহাদ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আবু সাইদ, বীরমুক্তিযোদ্ধা খান আখতার হোসেন, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এছাড়া দিবসটি উপলক্ষ্যে মণিরামপুর সরকারি কলেজ, মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি পাউলট বালক উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তারিত কর্মসূচী পালিত হয়েছে।