ফরহাদ খান, নড়াইল : লোহাগড়া উপজেলার মধুমতি নদী ভাঙনকবলিত রামকান্তপুর এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু। গতকাল বিকেলে ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্তরা জানান, এক সপ্তাহ আগে হঠাৎ করে মধুমতির ভাঙনে লোহাগড়ার রামকান্তপুর এলাকা ছয়টি বাড়িঘর, গাছপালা ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এখানকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। এদিকে, ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এমপি আতাউর রহমান বাচ্চু। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারী মাওলানা সেকেন্দার আলী খান, জামায়াত মনোনীত শালনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ জামাল, ইউনিয়ন আমির মাওলানা খান হোসাইন আহমেদসহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।