Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নওয়াপাড়ায় শ্রমিক সরদারকে মারধর ও টাকা ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ১০:৫১:২০ পিএম
নওয়াপাড়ায় শ্রমিক সরদারকে মারধর  ও টাকা ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় শ্রমিক সরদার মানিক সরদারকে মারধর করে ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভৈরব সেতু সংলগ্ন পরশ অটো রাইস মিল এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ প্রায় ৮০-৯০ জন অংশ নেন। অভিযোগ সূত্রে জানা যায়, মশরহাটি গ্রামের মৃত মতিউর রহমান সরদারের ছেলে মানিক সরদার (৩২) পরশ অটো রাইস মিল ও মেসার্স সাথী অ্যান্ড ব্রাদার্স ময়দা মিলের ঘাট ও লেবার সরদার হিসেবে কর্মরত। গত ২ অক্টোবর রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে শ্রমিকদের বিল পরিশোধের জন্য ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে মশরহাটি গ্রামের মেসার্স সাথী অ্যান্ড ব্রাদার্স ময়দা মিলের সামনে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। মানিক সরদারের অভিযোগ, পূর্বের একটি চুরি মামলার জের ধরে ওই ব্যক্তিরা লোহার রড, হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তার হাতে থাকা সাদা কাপড়ের ব্যাগ থেকে ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৬ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় এজাহার দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিক্ষোভে নওয়াপাড়া হ্যান্ডলিং ও ইকুইপমেন্ট হ্যান্ডলিং শ্রমিকদের সহসভাপতি শেখ নজরুল ইসলাম, ঘাট শ্রমিক পলাশ ও সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভকারীরা মানিক সরদারকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে অভয়নগর নৌবন্দরের সব কার্যক্রম বন্ধ রেখে অর্ধদিবস হরতাল পালনের কর্মসূচি দেওয়া হতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)