বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অবৈধভাবে ভুয়া সিম কার্ড অ্যাক্টিভ ও চড়া দামে বিক্রির অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বায়োমেট্রিক ছাপ সম্বলিত রবারের কিট, স্ক্যানার মেশিনসহ বিভিন্ন অপরাধমূলক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, একটি প্রতারক চক্র অবৈধ উপায়ে বিভিন্ন মানুষের আঙুলের ছাপ ব্যবহার করে সিম সক্রিয় করছে-এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশ কার্তিকদিয়া এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থল থেকে চক্রটির তিন সদস্য-মোঃ মামুন আলী খাঁ (৩০), মোঃ জিহাদ বিশ্বাস (২৩) এবং মোঃ লিটু বিশ্বাসকে (২২) গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও জানান, চক্রটি সাধারণ মানুষের অজ্ঞাতসারে তাদের আঙুলের ছাপ সম্বলিত রবারের কিট ও ফিঙ্গার স্ক্যানার মেশিন ব্যবহার করে অবৈধ উপায়ে বিভিন্ন মোবাইল কোম্পানির সিম অ্যাক্টিভ করত। পরবর্তীতে এসব ভুয়া নিবন্ধিত সিম উচ্চমূল্যে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও চক্রের কাছে বিক্রি করা হতো। অভিযানকালে পুলিশ তাদের হেফাজত থেকে ১টি ফিঙ্গার স্ক্যানার মেশিন, ৪টি ইউএসবি পোর্ট, সচল করার উদ্দেশ্যে রাখা ২১টি গ্রামীণফোনের অব্যবহৃত সিম, ১৪১টি আঙুলের ছাপ সম্বলিত রবারের কিট, প্লাস্টিক পেপারের ওপর তৈরি ৬টি বায়োমেট্রিক আঙুলের ছাপ, নিবন্ধনে ব্যবহৃত ১টি কাগজের মার্কিং টেপ এবং ককপিট ও স্মার্ট বিএল অ্যাপসযুক্ত ৩টি স্মার্টফোন (ইনফিনিক্স স্মার্ট ১০, অপপো এ৭৭ ও অপপো এপিএইচআই ৯০৯) জব্দ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।