কেশবপুর প্রতিনিধি : কেশবপুর প্রেসক্লাবে হামলা চালিয়ে ও ‘মব’ সৃষ্টি করে ক্লাব দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুর বিরুদ্ধে। হামলায় লোক সমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণের আবদুল্লাহ আল ফুয়াদ ও সময়ের খবরের জাহিদ হাসানসহ কয়েকজন পেশাদার সাংবাদিক আহত হয়েছেন। জানা গেছে, রোববার সকালে ওয়াজেদ আলী খান ডাবলুর নেতৃত্বে একদল বহিরাগত কেশবপুর প্রেসক্লাবে প্রবেশ করে। এসময়ে আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত থাকা পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও ক্লাবের ভেতরে ভাঙচুর করা হয়। হামলার পর অভিযুক্ত চক্রটি মূল প্রেসক্লাব দখল করে নিজেদের মতো করে ৫১ সদস্যবিশিষ্ট একটি স্বঘোষিত আহ্বায়ক কমিটি গঠন করে। ওই কমিটিতে কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনকাল প্রতিনিধি মাহাবুর রহমানকে আহ্বায়ক, হারুন আর রশিদকে সদস্য সচিব এবং ওয়াজেদ আলী খান ডাবলুকে সদস্য করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে সাংবাদিক জাহিদ হাসান বলেন, হঠাৎ বহিরাগতরা এসে আমাদের ওপর হামলা ও মারধর করে। হামলায় প্রসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী জয়দেব চক্রবর্তী ও সাবেক সাধারণত সম্পাদক ও সম্পাদক প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ, নির্বাহী কমিটির সদস্য প্রার্থী মেহেদী হাসান জাহিদ গুরুতর আহত হলে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সভাপতি প্রার্থী আশরাফউজ জামান অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বহিরাগতরা এসে মব সৃষ্টি করে জোরপূর্বক প্রেসক্লাব দখলের চেষ্টা চালায় এবং আমাদের ক্লাবের ভেতর আটকে রাখে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ওখানে সাংবাদিকদের মধ্যে একটা বিরোধ চলছে। আমার ফোর্স গিয়েছিলো। আমরা বলেছি আপনারা থানায় আসেন। আমরা দুইপক্ষের সাথে বসে আলোচনা করবো। হামলার বিষয়ে জানতে চাইলে তিন বলেন, এবিষয়ে কিছু জানি না। এমন ঘটনা ঘটলে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিবো। কেউ এখনও থানায় অভিযোগ দিতে আসেনি।