নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক ইউনিয়ন যশোরের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে সংগঠনের সদস্য আমির হোসেন জুয়েল মৃধাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ স্বাক্ষরিত নোটিশে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। ১৪ সেপ্টেম্বর দেওয়া নোটিশে উল্লেখ করা হয়, গত ৪ সেপ্টেম্বর সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভায় প্রেসক্লাব যশোরের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী চূড়ান্ত করার জন্য একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, সাধারণ সম্পাদক পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সাবজেক্ট কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং সবাই তা মানতে বাধ্য থাকবেন। নোটিশে আরও বলা হয়, সাবজেক্ট কমিটির সভায় দীর্ঘ আলোচনা শেষে সাধারণ সম্পাদক পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। কিন্তু ওই সিদ্ধান্ত না মেনে আমির হোসেন জুয়েল মৃধা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। এতে সাংবাদিক ইউনিয়ন যশোরের গঠনতন্ত্রের ৬-এর (খ) ধারা লঙ্ঘন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে জুয়েল মৃধা বলেছেন, আমি সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য। পাশাপাশি প্রেসক্লাব যশোরেরও সদস্য। আমি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটাধিকার ও সুস্থ গণতান্ত্রিক চর্চা বজায় রাখতেই সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এবং আমাকে নির্বাচন থেকে দূরে সরাতে নানা অপকৌশল অবলম্বন করছে। তিনি আরো বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া প্রতিটি সদস্যের মৌলিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। অথচ আমাকে নির্বাচন থেকে সরাতে প্রথমে চাপ ও আর্থিক প্রলোভন দেওয়া হয়। তাতে ব্যর্থ হয়ে এখন তড়িঘড়ি করে একটি কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। আমি নোটিশের আইনি ও গঠনতান্ত্রিক জবাব নির্ধারিত সময়ের মধ্যেই প্রদান করব। সাংবাদিক সমাজের প্রতি আহ্বান-কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সংগঠনের গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষায় সোচ্চার থাকুন।