কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ দেবনাথ (৬৪), ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ (৬০) এবং ৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোসলেম উদ্দিন ফকির (৫৫)। এছাড়াও মাদকবিরোধী অভিযানে ৭০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের ইব্রাহিম হোসেন (২৬) এবং একই উপজেলার হাজরাকাটি গ্রামের মাদক সেবনকারী দিপু (২৮)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাগরদাঁড়ি গ্রামের মৃত শিবপদ দেবনাথ এর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ইউপি সদস্য সুভাষ দেবনাথ (৬৪) এবং সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ (৬০) এবং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির (৫৩) কে গ্রেফতার করে। উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ভাদুড়িয়া মোড় এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-১৪। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক দেব কুমার দাস, সহকারী উপ-পুলিশ পরিদর্শক নারোদ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে ৭০ পিচ ইয়াবা-সহ ইব্রাহিম হোসেন (২৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে। সে পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের আবু কাসেম গাজীর ছেলে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৪। এছাড়াও আরেক অভিযানে উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের মফিজ দফাদারের ছেলে দিপু (২৮) কে গ্রেফতার করে সামারি ট্রায়াল (ঝঁসসধৎু ঞৎরধষ) আইনে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন দৈনিক স্পন্দনকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ দেবনাথ এবং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ এবং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির (৫৩) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৭০পিচ ইয়াবাসহ ইব্রাহিম হোসেন নামে এক মাদককারবারি এবং দিপু নামে আরেক মাদক সেবনকারী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ছিনতাই, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।