কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মাদ্রাসার প্রধান শিক্ষকের ওপর হামলা, অপপ্রচার ও তার গ্রেপ্তারের প্রতিবাদে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দুধসরা এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে দুধসরা দারুল উলুম মাদ্রাসাতুস সুফফাহ কর্তৃপক্ষ ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মাদ্রাসা শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা অংশ নেয়। সেসময় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি প্রতিষ্ঠানের কয়েকজন আবাসিক শিক্ষার্থীর অনৈতিক কর্মকাণ্ড সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রধান শিক্ষকের নজরে আসে। তিনি বিষয়টি ওই শিক্ষার্থীদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং মাদ্রাসার মুতাওয়াল্লির মাধ্যমে সমাধানের উদ্যোগ নেন। তবে অভিযোগ উঠেছে, শিক্ষার্থীরা নিজেদের অন্যায় ঢাকতে অভিভাবকদের কাছে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে। এরই জেরে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কিছু অভিভাবক ও স্থানীয় ব্যক্তি মাওলানা আবুল বাশারকে মারধর ও অপদস্থ করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ঘটনার সত্যতা যাচাই না করেই একজন শিক্ষককে অন্যায়ভাবে অপরাধী বানিয়ে গ্রেপ্তার করা হয়েছে।