নিজস্ব প্রতিবেদক: যশোরে ইয়াবা বহন, চুরি ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে একদিনের বিচারিক আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আলাদা মামলায় এ সাজা দেন। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন রেলস্টেশন এলাকার একটি টি-স্টলের সামনে থেকে মোহাম্মদ আশিক নামে এক যুবককে আটক করেন। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অভিযোগপত্রসহ আদালতে সোপর্দ করা হয়। বিচারক অভিযোগের শুনানি ও আসামি দোষ স্বীকার করায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত আশিক শহরের কসবা বঙ্গবাজার এলাকার আবু ইমরানের ছেলে। অপর দিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের বেজপাড়া মেইন রোডের একটি মোটরপার্টসের দোকানের সামনে চুরির অভিযোগে দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকরা হলেন শহরের বেজপাড়া এলাকার গোলাম রসুলের ছেলে সুজন ও মৃত আইনুল হকের ছেলে নাদিম ওরফে ডালপয়েন্ট। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই তানজির হোসেন জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। এ ঘটনায় আদালতে অভিযোগ দেয়া হলে বিচারক সুজন ও নাদিমকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া, রাতের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার গভীর রাতে শংকরপুর আলতাফের মোড় থেকে আজিজুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশ। বুধবার আটক আজিজুলের বিরুদ্ধে মামলা দিয়ে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। প্রতিবেদনের উপর শুনানি ও আসামি দোষ স্বীকার করায় ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত সকলেই যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।