মাসুম বিল্লাহ : ‘চলো চলো মাঠে চলো, মাদকমুক্ত বাংলাদেশ গড়ো’—এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হুদা জগমোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে তরিকুল ইসলাম স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের খেলা শুরু হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোকসজ্জায় মুখরিত হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ। স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আজগর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. রিজাউল ইসলাম, ৩নং ইছালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকরামুল ইসলাম , সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফ আলী, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আকরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. ফারুক হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার হাসান ইমাম ও মাস্টার মোস্তাক হাসান।
টুর্নামেন্টের প্রথম খেলায় সাইফুলের দলের সঙ্গে আব্দুর রাজ্জাকের দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সাইফুলের দল। অন্যদিকে দ্বিতীয় খেলায় মো. ফারুক হোসেনের দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে। রাতের আলোকিত পরিবেশে ডে-নাইট টুর্নামেন্টের বাকি খেলাগুলো চলতে থাকে। খেলা দেখতে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন। সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।এই রিপোর্টটি লেখা পর্যন্ত রাতের খেলা চলছিল।