অভয়নগর (যশোর) প্রতিনিধি : একদিকে ভবদহের জলাবদ্ধতার প্রতিবাদ, অন্যদিকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের উৎসব। দুইয়ে মিলে ব্যতিক্রমী এক আয়োজনের সাক্ষী হলো যশোরের অভয়নগর। জলাবদ্ধ মাঠেই অনুষ্ঠিত হলো জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ দেখতে মাঠের চারপাশে ভিড় করেন হাজারো মানুষ। শুক্রবার বিকালে উপজেলার ধোপাধী গ্রামের উলুর বটতলা এলাকায় জলাবদ্ধ মাঠে এ ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবদহের দীর্ঘদিনের জলাবদ্ধতার ভয়াবহ চিত্র মানুষের সামনে তুলে ধরতেই এবার ব্যতিক্রমীভাবে জলাবদ্ধ মাঠে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। জলাবদ্ধ মাঠে এমন ব্যতিক্রমী নৌকা বাইচ ভবদহের জলাবদ্ধতার দুর্ভোগের চিত্রও সবার সামনে স্পষ্ট করেছে। একই সঙ্গে দ্রুত ভবদহের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতায় দূর-দূরান্ত থেকে প্রায় ৪০টি ডুঙ্গা নৌকা অংশ নেয়। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে বিকেল থেকেই মাঠের চারপাশে জড়ো হতে থাকেন হাজারো দর্শনার্থী। পরে উৎসবমুখর পরিবেশে মোট তিনটি রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আক্তার হোসেনের ‘রকেট’ নামের ডুঙ্গা প্রথম স্থান অধিকার করে। মইনুদ্দিন গাজীর ‘গাজী মৎস্য’ দ্বিতীয় এবং বিপ্রজিৎ বিশ্বাসের ‘রুপার তরী’ তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। প্রথম পুরস্কার হিসেবে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা দেওয়া হয়।