Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে যশোর সরকারি এম এম কলেজে অভিভাবক সমাবেশ

এখন সময়: বুধবার, ১৯ আগস্ট , ২০২৬, ০৪:২৫:০২ পিএম

মিরাজুল কবীর টিটো : যশোর সরকারি এম এম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত করার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ শিক্ষক মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। দ্বাদশ শ্রেণিতে মোট ৩৬০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৭০ জন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকায় এ উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সমাবেশে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশীদ জানান, অধিকাংশ শিক্ষার্থী কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও ক্লাসে না এসে বিভিন্ন কোচিং সেন্টারে সময় কাটাচ্ছে। এতে তারা পড়ালেখায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজ চলাকালীন সময়ে কোচিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হবে জানিয়ে তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতে অভিভাবকদের সার্বিক সহযোগিতা চান। অভিভাবকদের পক্ষ থেকে শ্রেণিকক্ষে অনুপস্থিতির পেছনে নানা কারণ ও প্রস্তাব তুলে ধরা হয়। অভিভাবক নুর সাদাত বলেন, শিক্ষার্থীরা একটি মেসেঞ্জার গ্রুপ খুলে সহপাঠীদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে কলেজে অনুপস্থিত থাকছে। এই গ্রুপ ভেঙে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা ক্লাসে না এলে অভিভাবকদের সঙ্গে কলেজের সার্বিক যোগাযোগ রক্ষা করার আহ্বান জানান তিনি। অন্যান্য অভিভাবক শ্রেণিকক্ষের পাঠদান ও ব্যবস্থাপনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত দেন। সেলিনা আক্তার জানান, ক্লাস না থাকলেও শিক্ষার্থীদের কলেজে আটকে না রেখে ক্লাস শেষেই ছুটি দেয়া উচিত। অন্যদিকে প্রদীপ দত্ত বলেন, প্রতিদিন একই বিষয়ের ওপর একেক শিক্ষক ক্লাস নেয়ায় সব ক্লাস শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় বা বোধগম্য হয় না। ফলে শিক্ষাদানের এই ঘাটতি ও অনুপস্থিতির মূল কারণ খুঁজে বের করার ওপর তিনি জোর দেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান, প্রফেসর অসীম কুমার দত্ত, সহকারী অধ্যাপক নাহিদ নেওয়াজ এবং অভিভাবক জসিম উদ্দিন খান, প্রদীপ দত্ত ও আবুল হাসান প্রমুখ। প্রভাষক আশরাফুজ্জামানের সঞ্চালনায় এ সমাবেশে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)