শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় ১০০ গ্রাম গাঁজাসহ বাবু মোল্লা (৫০) ও আবু হানিফ (২৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে গোড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত বাবু মোল্লা যশোরের শার্শা থানার গোড়পাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। অপর আসামি আবু হানিফ কন্দর্পপুর (মাঝেরপাড়া) গ্রামের আইয়ুব আলীর ছেলে। পুলিশ জানায়, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া উত্তরপাড়া মোড়ে বাবু মোল্লার চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বাবু মোল্লা ও আবু হানিফকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে বাবু মোল্লার কাছ থেকে ৭০ গ্রাম এবং আবু হানিফের কাছ থেকে ৩০ গ্রামসহ মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।