Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের অর্থ ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ প্রতিমন্ত্রী অমিতের

এখন সময়: শুক্রবার, ৩১ জুলাই , ২০২৬, ০৯:৫৬:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারি যাকাতের অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা মডেল মসজিদ মিলনায়তনে এ টাকা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথির হিসবে চেক বিতরণ করেন এমপি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যাকাত শুধু ধর্মীয় বিধান নয় এটি সমাজের দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিকভাবে যাকাত সংগ্রহ ও বিতরণ করা গেলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলা সম্ভব। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকে নিজ নিজ অবস্থান থেকে যাকাত প্রদানে আরো বেশি উৎসাহিত হতে হবে। যাকাতের অর্থ যেন প্রকৃত হকদার মানুষের কাছে পৌঁছে এবং তা যেন তাদের জীবনে স্থায়ী পরিবর্তন আনে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণ ও সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। দরিদ্র মানুষের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার সুযোগ সৃষ্টি করতে হবে। এজন্য যাকাতের অর্থকে শুধু তাৎক্ষণিক সহায়তা হিসেবে নয়, মানুষের সক্ষমতা বৃদ্ধির মাধ্যম হিসেবেও কাজে লাগানো প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেম। তিনি জানান অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ৩৮ জন ও জেলা পর্যায়ে অনুমোদিত ১৭১ জনসহ মোট ২০৯ জন যাকাত গ্রহিতার মধ্যে মোট ১০ লাখ ৫১ হাজার ৪৬৮ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে কেন্দ্রীয় ভাবে অনুমোদিতদের জন্য ৩ লাখ ২১ হাজার টাকা এবং জেলা পর্যায়ের অনুমোদিতদের জন্য ৭ লাখ ৩০ হাজার ৪৬৮ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ কর্মসূচির আওতায় মোট ৯ জন উদ্যোক্তাকে ২ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে ৩ জন উদ্যোক্তাকে ২০ হাজার টাকা করে, ৩ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা করে এবং ৩ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শওকত হোসেন, ইমাম, গলদাহ জামে মসজিদ, যশোর। মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ মইন উদ্দিন, ইমাম, জেলা মডেল মসজিদ, যশোর। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা, যাকাত গ্রহীতা, উপকারভোগী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)