নিজস্ব প্রতিবেদক : যশোরের চিহ্নিত সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতু হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের ভাই সাইফুল ইসলাম শক্তি বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হল- একই এলাকার সুমন ও তার মা শুকুরান বেগম ভাই সজীব এবং তার স্ত্রী। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আগেই সুমনকে আটক করে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করেছে। মামলার অভিযোগে জানা গেছে , গত ২২ জুলাই রাত ১০টার দিকে সুমন ফোন করে শরিফুল ইসলাম জিতুকে তাদের বাড়িতে ডেকে নেয়। জিতু তার পরিচিত মারুফ হোসেনকে সাথে নিয়ে সুমনের বাড়ি গেলে তার মা শুকোরন বেগম পেছন থেকে ঝাপটে ধরেন। এ সময় সুমনসহ অন্য আসামিরা ধারালো দা দিয়ে জিতুর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত জিতুকে উদ্ধার করে প্রথমে যশোর পরে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় এজাহারনামীয় চারজনসহ অপরিচিত আরো চারজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে উল্লেখ করা হয়েছে।
কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, জিতু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক সুমনকে এ মামলায় শোন অ্যারেস্টের আবেদন করা হবে। অন্য আসামিদের আটকের চেষ্টা করছে পুলিশ।