নিজস্ব প্রতিবেদক; হেরোইনের মামলায় বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় দিয়েছেন । সাজাপ্রাপ্ত জামাল হোসেন বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৮ মার্চ শার্শার বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে জামাল হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা ৩শ' গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে আটক জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আসামি জামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা শার্শা থানার এসআই মুরাদ হোসেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি জামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত জামাল হোসেন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।