Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আদালতের বারান্দায় বাদীকে মারপিটে ৫ জনকে কারাদণ্ড ও ৪জনের জরিমানা

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ০৮:৪৩:০৩ এম

নিজস্ব প্রতিবেদক : আদালতের বারান্দায় মামলার বাদীকে মারপিট করায় একই মামলার ৫ জনকে দুইদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও তিন নারীসহ ৪ জনকে ১শ’ টাকা করে জরিমানার আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার এ অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক বিচারক কার্য শেষে এ আদেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মো. এমদাদুল হক। সাজাপ্রাপ্ত আসামিরা হলো-বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত আহম্মদ তরফদারের ছেলে মশিউর রহমান, আব্দুল ওহাব, হাবিবুল্লাহ, মৃত বদিয়ার মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক, আলম মোল্যা, আজিজ মোল্যা, নুর আলী শিকদারের স্ত্রী বেগম, মেয়ে নুর জাহান ও জামশেদ শেখের স্ত্রীর তহুরন নেছা। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মতিয়ার রহমান ৯ সেপ্টেম্বর সাজাপ্রাপ্ত আসামিসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে পিবিআই ২৫ সালের ১৩ জানুয়ারি ১৩ জনকে অভিযুক্ত করে আদলতে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ২য় আদালতে বদলী করা হয়। মঙ্গলবার ১৬ জুন মামলার চার্জ গঠনের দিন ছিল। এ দিন মামলার সকল আসামি ও বাদী মতিয়ার রহমান আদালতে উপস্থিত হন। মামলার চার্জ শুনানিকালে আসামিরা মামলার বাদী মতিয়ার রহমানকে আদালতের ৩য় তলার সিড়ির সামনে ধরে মারপিট করে। মতিয়ার রহমান আসামিদের হাত থেকে পালিয়ে বিচারকের কাছে অভিযোগ করেন। এরমধ্যে মামলার ৯ জনকে ধরে জনগণ আদালতে সোপর্দ করে। বিচারক এ অভিযোগের তদন্ত করে তাৎক্ষনিক প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন কোর্ট পুলিশ পরিদর্শকে। তিনি এ অভিযোগের তদন্ত করে আটক ৯ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন। বিচারক সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা শেষে ৫ জনকে ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও বৃদ্ধ মশিউর রহমানসহ তিন নারীকে ১শ’ টাকা করে জরিমানা অনাদায়ে ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বৃদ্ধ মশিউর রহমানসহ তিন নারী জরিমানার টাকা দিয়ে মুক্তি পেয়েছে। অপর ৫ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)