Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সাফদারপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ১১:২৬:৫১ এম

ঝিনাইদহ ও কোটচাঁদপুর প্রতিনিধি : ঝিনাইদহের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। রোববার সকালে দুর্ঘটনার কারণে বিকাল পর্যন্ত রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ৯ ঘন্টা পরে বিকাল তিনটার দিকে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন কোটচাঁদপুরের সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬ টার দিকে পেছনের তিনটি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহী, ঢাকাসহ উত্তরবঙ্গের রেল চলাচল। ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনায় উভয় পাশের স্টেশনগুলোতে চলাচলকারী কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ ৭টি ট্রেন আটকে যায়। ফলে এ রুটে চলাচলকারী ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। শত শত যাত্রী চরম ভোগাস্তিতে পড়ে। উপায় না পেয়ে ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে চলে যান।
খবর পেয়ে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। ৫ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৩টার সময় রেল যোগাযোগ শুরু হয়।
সাবদারপুর রেল স্টেশনের মাষ্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সাবদারপুর ষ্টেশনে প্রবেশের সময় পয়েন্ট এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইন ও স্লিপার দুমড়ে মুচড়ে যায়। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে উদ্ধারকারী দুইটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইন ঠিক করে। এরপর বিকাল ৩টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলেও দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন ট্রেনের তিনটি বগি ও গার্ড ব্রেক লাইন থেকে ছিটকে পড়েছে। এ সময় রেললাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। তিনি বলেন, গত ২২ মে একই স্থানে চিটাগুড়বাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। ঈশ্বরদী ও খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এছাড়া ঈশ্বরদী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।
তবে, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখছেন।
প্রসঙ্গত, গত ২২ মে একই স্টেশনের একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী চিটাগুড়বোঝাই একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)