অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে গাঁজা সেবন ও বিক্রির দায়ে দুই মাদক কারবারীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১শ’ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপু এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ওহিদুল শেখ (৫৫) ও সাইফুল ইসলাম (৩৫)। ওহিদুল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নুনখীর গ্রামের মৃত ছয়জউদ্দীন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় বসবাস করে আসছেন। অপরদিকে সাইফুল ইসলাম নওয়াপাড়া গ্রামের মৃত হান্নান মোড়লের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নওয়াপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসংলগ্ন মাছবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটকের পর তারা গাঁজা সেবন ও ভ্রাম্যমাণভাবে বিক্রির কথা স্বীকার করলে আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দীপু বলেন, ‘গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’