শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় কাঠবোঝাই নছিমনের নিচে চাপা পড়ে চালক প্রবাস ফেরত সুজন মোল্লা (৪০) নিহত হয়েছে বলে জানা গেছে। ৪ জুন বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটুখার বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা হামিদ মোল্লার ছেলে সুজান মোল্লা গত তিন মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। বিদেশে আর যাবেন না এমন চিন্তা করে একটি নসিমন ক্রয় করে কাঠের ব্যবসা শুরু করেন। ৪ জুন ভোর রাতে রাজাপুর থেকে কাঠ বোঝাই করে নিজেই নসিমন চালিয়ে উপজেলার সদরে যাওয়ার সময় ছুটুখার বাজার এলাকায় মোর ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে নসিমন উল্টে তার নিচে চাপা পড়েন সুজন মোল্লা। এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। সুজন মোলার বাবা বলেন দীর্ঘদিন বিদেশে কাজ করার পর দেশে এসে ব্যবসা করতে যেয়ে নসিমনের চাপায় তার প্রাণ হারালো এই দুঃখ কারো কাছে বলার নাই। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ শামীমুল হক বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।