ফরহাদ খান, নড়াইল : ছাত্রশিবির নড়াইল জেলার শাখার উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ভালোবাসার বন্ধনে আমরা অতীত থেকে বর্তমান’ স্লোগানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যখন দেশে কোনো অন্যায়-অপকর্মের প্রতিবাদ করি, তখন ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে ধরা হয়। আমাদের দমিয়ে রাখতে চায়। কিন্তু এটা আর জনগণ খায় না। ১৯৭১ এর কথা বলে তারা ব্যবসায় মেতে উঠতে চায়। এখন জনগণ আর ১৯৭১ প্রসঙ্গ, রগকাটা অপবাদসহ বিভিন্ন ধরণের অপপ্রচার গ্রহণ করেন না। এসব অপবাদ জনগণ গ্রহণ না করায়, এখন তারা নতুন করে ‘গুপ্ত’ শব্দ চালু করতে চায়। তাও জনগণ প্রত্যাখ্যান করেছেন। ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়। বিষয়টি খেয়াল রাখতে হবে। এর আগে জনগণ ফ্যাসিস্টদের বিতাড়িত করেছেন, বিষয়টি মাথায় রেখে নব্য ফ্যাসিস্টদেরও সতর্ক থাকতে হবে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে একটি দল। তাই শিশুরাও এখন নিরাপদ নয়। শিশু রামিসাসহ মে মাসের ২০ তারিখ পর্যন্ত ১১৮ জন নারী ও শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর এদের অনেকে হত্যাকান্ডের শিকার হয়েছেন। এছাড়া নেতাদের মনোরঞ্জনের জন্য তারা কম বয়সী নারীদের ঠিক করেন। অথচ, তাদের কোনো বিচার হয় না। তারা দেদারসে ঘুরে বেড়ায়। এদিকে, এক বছর হলেও শিশু আছিয়া ধর্ষণ মামলার রায় কার্যকর হয়নি। আবরার ফাহাদ হত্যা মামলার রায় কার্যকর হয়নি। তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশপ্রেমিক রাষ্ট্রপতি থাকলেও তার আশেপাশের লোকজন তাকে হত্যা করেছেন। প্রধানমন্ত্রী আপনার পাশেও ষড়যন্ত্রকারীরা অবস্থান করছেন। তাদের ব্যাপারেও আপনার সর্তক থাকতে হবে। শিক্ষাঙ্গনের প্রসঙ্গ টেনে শিবির সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কোনো কিছু চাপিয়ে দিইনি। ছাত্র-ছাত্রীরা স্বাধীন মতো চলাফেরা করেন। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরকে বিজয়ী করেছেন। তারা বুঝতে পেরেছেন আামাদের নীতি আদর্শের কথা। ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাজ মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসূল, ছাত্রশিবির খুলনা মহানগরের সভাপতি রাকিব হোসেন, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওবায়দুৃল্লাহ কায়সার, লোহাগড়া আমির মাওলানা হাদিউজ্জামান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খিয়াম উদ্দিন, ড. খান আব্দুস সোবহানসহ নেতাকর্মীরা।