অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রান্নাঘর, একটি গোয়ালঘর ও একটি কাঠের ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার বুইকারা গ্রামের হাসপাতাল সংলগ্ন সৈয়দ শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে হঠাৎ করেই বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ভুক্তভোগী সৈয়দ শাহ আলম বলেন, আমি ঘটনার সময় বাড়ির বাইরে ছিলাম। ফোনে খবর পেয়ে এসে দেখি আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঈদের আগ মুহূর্তে এমন ঘটনায় আমি দিশেহারা হয়ে পড়েছি।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইউনুছ জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও কারণ নিশ্চিত করা বলা যাবে।