নিজস্ব প্রতিবেদক : ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলো- যশোর সদরের চুড়ামনকাটি গ্রামের কুন্ডুপাড়ার মৃত করি মোল্লার ছেলে মিন্টু মিয়া ও শার্শার বাগআঁচড়া টেংরা মাদ্রাসা পাড়ার মৃত অসীম গাজীর স্ত্রী ফিরোজা খাতুন মায়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাটি এলাকার মিন্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয় ।
অপারদিকে বেলা সাড়ে এগারটার দিকে যশোর-বেনাপোল সড়কের তফসীডাঙ্গাস্থ যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ভবনের সামনের রাস্তায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় সন্দেহজনক ভাবে বাসযাত্রী মায়াকে আটক ও তল্লাশি করে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় আলাদা মামলা হয়েছে।