কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : হুমকি দিয়েও জমি দখলে ব্যর্থ সন্ত্রাসীরা ট্রাক্টর চষে এক কৃষকের ক্ষেত নষ্টের ঘটনায় এবার থানায় অভিযোগ দিয়েছেন মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ। বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিণাঞ্চলের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের এমডি’র পক্ষে সহ-ব্যবস্থাপক (প্রশা ও প্রশি) জামাল উদ্দিন ওই অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, গত সোমবার মিলের বি সাবজোনের চাচড়া গ্রামের মাঠে আখচাষী নান্নুর ৪ বিঘা জমির আখ ক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকও ওইদিনই তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগও করেছিলেন।
মোবারকগঞ্জ চিনিকলের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মিলটির বি-সাবজোনের ২৩নম্বর ইউনিটের চাচড়া মাঠে দন্ডায়মান ছিল এক একর জমির আখ। গত সোমবার বেলা ১১ টার দিকে পার্শ্ববর্তী শিবনগর গ্রামের শাকিল, মিন্টু ও বড় মনি নামের তিন ব্যক্তি ট্রাক্টর দিয়ে চষে ক্ষেতটি তসরুপ করে । যা অত্যন্ত অপরাধমূলক কর্মকা-।
অভিযোগে আরো বলা হয়, অত্র মিলটি রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান। আখ একটি অর্থকরী ফসল এবং মিলের ব্যবহৃত একমাত্র কাঁচামাল। এজন্য মিলের আখ নষ্টকারী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন বলেন-মোবারকগঞ্জ চিনিকলের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক নান্নু জানান, তিনি ২০২৩ সাল থেকে রেলওয়ের কাছ থেকে বৈধভাবে প্রায় দুই একর জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। জমিতে আখ রোপণ করে প্রায় ৭/৮ লাখ টাকা খরচও করেছেন। কিন্তু জমি দখলের জন্য সন্ত্রাসীরা তার রোপণকৃত সাড়ে ৪ বিঘা আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে দেয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি বলেন, মিলের থেকে ঋণ ও ধার দেনা করে চাষ করেছি। এখন পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করে তিনিও থানায় অভিযোগ করেছেন।