অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সরকারি সিদ্ধান্ত অমান্য করে সন্ধ্যা ৭ টার পর দোকান খোলা রাখার দায়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে| মঙ্গলবার (৭ এপিল) রাত ৮ টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়|
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু|
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়| এ সময় সরকারি সিদ্ধান্ত অমান্য করে দোকান খোলা রাখার দায়ে মেসার্স কবির বস্ত্র বিতান, মেসার্স কুমিল্লা ফার্নিচার, মেসার্স রাজা ফার্নিচার ও মেসার্স শেখ ইলেকট্রনিক্সকে জরিমানা করা হয়|
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে পাঁচশ করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে|’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন- ‘সরকারি সিদ্ধান্তের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করতে মঙ্গলবার নওয়াপাড়া বাজারে মাইকিং করা হয়েছে| ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে|’