কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে শিলা অক্তার রিনি (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা গ্রামে। রিনির শশুরবাড়ির দিক থেকে এটাকে আত্মহত্যা বলা হলেও, হত্যা বলছেন বাবার বাড়ির লোকজন। নিহত রিনি ওই গ্রামের আব্দুল আলিমের স্ত্রী ও পার্শ্ববর্তী ভোলপাড়া বলরামপুর গ্রামে মৃত শাহিনুর রহমানের কন্যা। নিহতের বড় বোন শাহানাজ খাতুন জানান, রাতে রিনির শশুরবাড়ি থেকে মোবাইলে জানানো হয় যে রিনি গলায় রশি দিয়েছে। এ কথা শুনে রিনিকে কালীগঞ্জ হাসপাতালে আনতে বলা হয়। তারাও দ্রুত হাসপাতালে চলে আসেন। হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়। এরপর রিনির শশুরবাড়ির লোকজন হাসপাতালে মরদেহ রেখে সটকে পড়ে। রিনির স্বজন কওছার আলী জানান- শাহানাজ , রিনি, পলি আর খাদেজা ৪ বোন। তাদের বাবা শাহিনুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর তাদের মা হালিমা খাতুন খুব কষ্টে তাদের বড় করেছেন। তিনি ইতোমধ্যে বড় দুই মেয়েকে বিয়েও দিয়েছেন। কিন্তÍু বৃহস্পতিবার রাতে তারা খবর পান রিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটি বেশ শান্ত স্বভাবের ছিল। তাছাড়াও মৃতদেহটি দেখে তাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে রিনির মরদেহ তার বাবার বাড়ি ভোলপাড়া গ্রামে দাফন করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে রাতেই তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।