নিজস্ব প্রতিবেদক : ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড (হীরা) ও বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে যশোরের বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর সদরের নতুনহাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। বিকেলে যশোর ঝুমঝুমপুরস্থ বিজিবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে মহাসড়কের উপর থেকে সুজাউদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫৫.৬৭ গ্রাম ওজনের বেশ কিছু ডায়মন্ড (হীরক) ও বাংলাদেশের ৫ হাজর ৫শ’ ৩০ টাকা, ৫ হাজার ৮শ’ ৮০ ভারতীয় রুপি, ৫শ’৫০ ইউএস ডলার, ২শ’ থাই বাথ, একটি মোবাইল ও একটি ঘড়ি। যার বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। উদ্ধার হওয়া ডায়মন্ডগুলে পুলিশের উপস্থিতিতে যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধি দিয়ে পরীক্ষা করে ডায়মন্ড বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, সুজাউদ্দিন ডায়মন্ডগুলো ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ভারতের কলকাতায় পৌঁছানোর পর অপরিচিত এক ব্যক্তি তার কাছ থেকে ডায়মন্ড নিয়ে যাবে বলে জানায়। সে এরমধ্যে বেশ কয়েকবার বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া সফর করেছে। আটক সুজাউদ্দিনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ, উদ্ধার ডায়মন্ড ও বিদেশি অর্থ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।