নিজস্ব প্রতিবেদক : কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী ১৪ মামলার আসামি তৃষা আক্তার প্রিয়াকে সহযোগীসহ আবারও যশোরের পুলিশ আটক করেছে। আটক প্রিয়া যশোরের কুখ্যাত সন্ত্রাসী শহরের চাঁচড়া রায়পাড়ার রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী। তার সহযোগী রোকেয়া বেগম শহরের রেল স্টেশন পূর্ব পাড়ার মৃত সুখচানের মেয়ে। তাদের কাছ থেকে পুলিশ ৬১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪শ’২০ টাকা উদ্ধার করেছে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রেল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন গলি থেকে তৃষা আক্তার প্রিয়া ও তার সহযোগী রোকেয়া বেগমকে আটক এবং নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বিক্রির ৪২০ টাকা ও দুটি মোবাইল ফোন সেট। তিনি আরও জানান, তৃষা আক্তার প্রিয়া শহরের কুখ্যাত সন্ত্রাসী, হত্যাসহ প্রায় দুই ডজন মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। প্রিয়া একজন কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী। মাসখানেক আগে যশোরের পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ শহরের রেল স্টেশন ষষ্টিতলা পাড়া থেকে মাদকদ্রব্য ও প্রায় ৫০ হাজার টাকাসহ তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৪ টি মামলা চলমান রয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।