নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,পাইপ কেটে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে গত ৭ মার্চ বিকেলে শাহিনুর রহমানসহ কয়েকজন অভিযুক্ত দেশীয় অস্ত্র নিয়ে মো. আরশাদ আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে প্রবেশ করে তার ১১ বছর বয়সী নাতনিকে মারধরের চেষ্টা করে এবং বাধা দিলে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
হামলায় আরশাদ আলী, তার ছেলে রফিকুল, পুত্রবধূ তাসলিমা খাতুন ও বোন কুলসুম গুরুতর আহত হন। এ সময় ঘরের ভেতর থেকে ১ লাখ ৪ হাজার টাকা লুটের অভিযোগও করা হয়েছে। এছাড়া এক নারী সদস্যের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, লুটপাট ও শ্লীলতাহানিসহ বিভিন্ন ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।