অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে শাশুড়ির ওপর অভিমান করে গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নৌকা থেকে ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ সাবিনা বেগম (২৫)। নিখোঁজের ৪২ ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালতলা খেয়াঘাটসংলগ্ন ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন।
নিহত সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ফেরার পথে সাবিনা বেগমের মোবাইল ফোন হারিয়ে যায়। বিকালে অভয়নগরের ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে তার শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে তিনি মাঝনদীতে ঝাঁপ দেন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারেনি ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তালতলা খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে তারা নৌপুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে নিয়ে যায়। এ সময় নিহত সাবিনা বেগমের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নদীতে নিখোঁজ হওয়া সাবিনা বেগম নামে এক গৃবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’