Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় চলাচলের পথ কেটে দেয়া নিয়ে সংঘর্ষে আহত ৫, উত্তেজনা

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ১২:৩৮:৫১ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের পথ ভেকু দিয়ে কেটে দেয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার সকাল প্রায় ৯টার দিকে বাঘারপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বামী পরিত্যক্তা গোলাপী তার ক্রয়কৃত জমির পাশ দিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের জন্য ব্যবহৃত একটি পথ ভেকু দিয়ে খুঁড়ে ফেলতে শুরু করেন। স্থানীয়রা এতে বাধা দিলে গোলাপীর জামাই পুলিশ কনেষ্টেবল বিল্লাল বাংলাদেশ পুলিশ কে নিয়ে ভয় দেখায় ও উস্কানিমূলক কথায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষে রূপ নেয়।এ ঘটনায় আহত হন তারেক রহমান (৩৫), মিঠু হোসেন (৪১) ও লিটন হোসেন (৩২)। অপরদিকে গোলাপীর পরিবারের সদস্য মোহাম্মদ লিটন হোসেন (৩৮) ও লাল বানু খাতুন (৫৫) আহত হন। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও মোহাম্মদ লিটন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, গোলাপী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জমি সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রতিবেশীদের হয়রানির অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, ওই পথটি বহু বছর ধরে গ্রামের মানুষ ব্যবহার করে আসছিল এবং হঠাৎ করে তা কেটে দেয়ায় ক্ষোভের সৃষ্টি হয়।
জানা গেছে, বিষয়টি নিয়ে আগে থেকেই উত্তেজনা তৈরি হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফা মীমাংসার চেষ্টা করেন। এদের মধ্যে ছিলেন বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মণা বিশ্বাস এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যাসহ এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এমনকি বাঘারপাড়া থানার পক্ষ থেকেও সমঝোতার উদ্যোগ নেয়া হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।তবে অভিযোগ রয়েছে, এসব উদ্যোগের তোয়াক্কা না করে শনিবার সকালে গোলাপী ভেকু দিয়ে পথটির মাটি সরিয়ে গর্ত তৈরি করেন। এতে এলাকাবাসী বাধা দিলে গলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। অন্যদিকে গোলাপীর পরিবারের দাবি, তারা তাদের নিজস্ব জমির সীমানার মধ্যেই কাজ করছিলেন এবং স্থানীয় কিছু ব্যক্তি তাদের কাজে বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়।
এ বিষয়ে বাঘারপাড়া থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে উভয় পক্ষ পৃথক অভিযোগ দায়ের করেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)