নিজস্ব প্রতিবেদক : অগ্নিঝরা মার্চের আজ ৭ তারিখ। ইতিহাসের পাতায় ঐতিহাসিক ৭ মার্চ। অগ্নিঝরা মার্চের একাত্তরের আজকের (৭ তারিখের) বিকালটা ছিল অন্যরকম। পাতাঝরা বসন্তের বিকাল এভাবে বদলে দিতে পারে একটি দেশের ইতিহাসের বাঁক যা, বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। মাত্র ১৮ মিনিটের একটি ভাষণ একটি জাতিকে স্বাধীনতার মন্ত্রে যেভাবে উজ্জীবিত করেছিল, তার তুলনা আর কোনো কিছুর সঙ্গে হতে পারে না।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবনে সবচেয়ে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা। মাত্র নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে নিপীড়িত বাঙালি জাতি লাভকরে তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ। বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের মার্চ মাসে এক কঠিন সংকটময় পরিস্থিতিতে ৭ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্সে তাঁর ঐতিহাসিক ভাষণ দেন। পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে বঙ্গবন্ধু তার ভাষণের শেষাংশে বজ্রকণ্ঠে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’