নিজস্ব প্রতিবেদক : বাঘারপাড়ার দাঁদপুর গ্রামের একটি মারামারি মামলায় সিহাব হোসেন নামে এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাজাপ্রাপ্ত সিহাবের বোন ফুটকুলিকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার অতিক্তি চীফ জুডিসিয়ালি ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত সিহাব হোসনে দাঁদপুর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৭ জুলাই বিকেলে দাঁদপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে মাঠে ছাগল চরাতে যায়। ফেরার পথে আসামি সিহাব হোসেনের বাড়ির পাশ দিয়ে আসার সময় আজেবাজে কথা বলে। সিহাব এক পর্যায়ে তার পথরোধ করলে চিৎকার শুনে তার মা শিউলী বেগম ঘটনাস্থলে আসলে বাকবিতণ্ডার একপর্যায়ে স্যালোমেশিনের হ্যান্ডেল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। এরমধ্যে শিহাবের বোন ফুটকুলি এসেও তাকে মারপিট করে। এ ঘটনার পর কিছুটা সুস্থ হয়ে শিউলী বেগম বাদী হয়ে শিহাব ও তার বোন ফুটকুলিকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথেজড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সিহাবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।